কালিয়াকৈরে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন উদ্বোধন
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, নারীদের সুরক্ষায় পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলা ও গার্লস স্কুলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। ইতিমধ্যে কাপাসিয়ার একটি স্কুলেও এটি উদ্বোধন করা হয়েছে।
নারী স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের আন্তরিকতার এটি একটি চমৎকার উদাহরণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে নারীরা দারুণভাবে উপকৃত হবেন। এর আগে জেলা প্রশাসক কালিয়াকৈর থানা, ভূমি অফিস ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা প্রকৌশলী মো. মাসুদুর নবী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।