বগুড়ায় কুমারী পূজায় উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত
দেবীর সাজে সজ্জিত ছয় বছরের শিশু রূপকথা সাহা। তাকে ঘিরে ভক্তদের প্রণাম, প্রার্থনা আর মঙ্গল কামনা। কেউ হাত জোড় করে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ চাইছেন দেশ ও জাতির কল্যাণ। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বগুড়ার শাজাহানপুরে কুমারী পূজায় দেবীর আসনে পূজিত হলো শিশু রূপকথা। নারীশক্তি, পবিত্রতা ও মাতৃভাবের আরাধনায় মুখর হয়ে উঠল শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে পঞ্চমবারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়। পূজা দেখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরও সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতিতে আশ্রমজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পূজায় ছয় বছর বয়সী রূপকথা সাহাকে ‘উমা’ রূপে দেবীর আসনে বসিয়ে আরাধনা করেন ভক্তরা।
পূজা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, প্রতিটি নারীর মধ্যেই দেবীর রূপ বিরাজমান। নারীর প্রতি অসম্মান কিংবা অত্যাচার কোনোভাবেই কাম্য নয়। সমাজ ও সংসারের প্রতিটি ক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেওয়া সবার দায়িত্ব।
গণ্ডগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক অ্যাডভোকেট আতিয়া কান্ত বর্মণ বলেন, নারীর ভেতরের দেবীত্বকে সম্মান জানাতেই প্রতিবছর এই আয়োজন করা হয়।
নিজের মেয়েকে দেবীর আসনে বসে পূজিত হতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রূপকথার মা প্রিয়াঙ্কা সাহা। তিনি বলেন, নিজের মেয়েকে কুমারী হিসেবে পূজা করতে দেখে খুব আনন্দ লাগছে। মায়ের চরণে দেশবাসীসহ সবার মঙ্গল ও কল্যাণ কামনা করেছি।
বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৭৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন এবং মন্দির কমিটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।