এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

প্রতিকি ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে মোহাম্মদ এহছান (৩৫) নামে এক ব্যবসায়ীকে এসআরবি পরিচয়ে অপহরণের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে প্রেমবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাতকড়া এসআরবি পরিচয় দিয়ে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও ওই ব্যবসায়ীর খোঁজ না পাওয়ায় গত রবিবার বিকেলে প্রেমবাজার ব্যবসায়ী সমিতি মানববন্ধন করেছে। এহছান সরলিয়া বাজার এলাকার বাসিন্দা।

ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, এহছান এক সময় মোজাম্বিক প্রবাসী ছিলেন। বর্তমানে প্রেমবাজারে রড, সিমেন্ট, কোকারীজ ও গার্মেন্টস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। শনিবার রাতে কয়েকজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হাতকড়া পরিয়ে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। ঘটনাটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামরায়ও ধরা পড়ে। এরপর অপহরণকারীরা রাতে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণও দাবি করে।

এদিকে রবিবার প্রেমবাজার ব্যবসায়ী সমিতি মানববন্ধনে দাবি করা হয়, এহছানকে ফিরে পেতে অপহরণকারীরা তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করছে। তারা অবিলম্বে এহছানকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক এপ্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নজর আসার পর রাতেই পুলিশ দল অভিযানে নামে। ঘটনার দিন রাতে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন থেকে সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’