রাজধানীতে পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীতে পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাধীন শম্পা মার্কেট এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. জাহিদ জন (৩১)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধীনস্থ এসআরবি-২।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রবিবার (১৮ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতার জাহিদ জনের দেয়া তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় তার একটি পরিত্যক্ত অফিস থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি-২ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে জাহিদ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোতোয়ালি থানার সাবেক সহ-দফতর সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাস সৃষ্টিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া পি সি পি আর যাচাই করে তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

আটক আসামি এবং জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।