দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে নারীর মৃত্যু
ফাইল ছবি।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুগোমপো শহরের সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে ৬৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। মঙ্গলবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসএবিসির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সৈকতে হাঙরের আক্রমণের সময় ওই নারী অন্যান্য সাঁতারুদের সঙ্গে ছিলেন। মর্মান্তিক দুর্ঘটনাটির পর ঘটনাস্থল পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওই সৈকত এবং কাছাকাছি ইস্টার্ন বিচ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য সৈকতগুলোতেও নিরাপত্তা সতর্কতা জারি করা হচ্ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কুগোমপো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা বাফেলো মিউনিসিপ্যালিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সৈকতে হাঙরের আক্রমণে নারীর মৃত্যুর ঘটনাটি 'দুঃখজনক' বলে জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে তাকে হাঙরে কামড়েছে।
তার অবস্থা খুবই খারাপ ছিল। কামড়গুলো ছিল অত্যন্ত গুরুতর। দুটি কামড়ের মধ্যে একটি তার উরুতে এবং অন্যটি ওপরের বাহুতে ছিল। তিনি আরও জানান, হাঙরের আক্রমণের পর ওই নারীকে উপরে উঠিয়ে আনা হলেও সৈকতেই তাকে মৃত ঘোষণা করা হয়।