নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

 

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
​
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত মা সূর্য খাতুন (৫০) ওই গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম উদ্দিন সরদার (৩৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মার সঙ্গে ঝগড়া ও নির্যাতন চালাতেন। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করার সময় উদ্দিন তার কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান ওই যুবক।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় ফরিদপুর থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ির গ্রিল কেটে পালিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত উদ্দিন সরদারকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।