থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি ফিরবেন আজ
সংগৃহীত ছবি
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তিন বাংলাদেশি হলেন—মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।
ভুক্তভোগী ও পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভর ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ দূতাবাস, ব্যাঙ্ককের প্রথম সচিবকে (শ্রম) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের অধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাঁদের মধ্যে থাকা তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়ায় আছেন।