নর্দান ইউনিভার্সিটিতে মাল্টিভার্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

নর্দান ইউনিভার্সিটিতে মাল্টিভার্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

সংগৃহীত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘এনইউবি মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০ – ২০২৬’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এনইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোর্টইয়ার্ডে অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ঢাকার ট্রাস্ট কলেজের শিক্ষার্থী মুস্তাহিদুর রহমান, দ্বিতীয় হন ঢাকার নটর ডেম কলেজের নাসিফ ইফতিয়াজ ভূঁইয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আসমাউল হুসনা শোভা। এই তিনজনসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

দেশের নানা প্রান্ত থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতার পর শীর্ষ ২৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের আরও ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্য লাবিবা আব্দুল্লাহ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অলিম্পিয়াডের সদস্যসচিব মো. মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।