ভারতে জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচালক স্বামী

ভারতে জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচালক স্বামী

ছবিঃ সংগৃহীত

ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় স্ত্রী রাস্তায় পড়ে গেলে তাকে ফেলেই পালিয়ে যান স্বামী।

পরে এক পুলিশ সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর জেলার ত্রিশূল চকে ঘটেছে ঘটনাটি।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় নম্বরপ্লেট ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে ওই ব্যক্তি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার স্ত্রী রাস্তায় পড়ে যান।

ভিডিওতে দেখা যায়, নারী পড়ে যাওয়ার পরও মোটরসাইকেলচালক থামেননি। তিনি স্ত্রীকে ফেলে চলে যান। পরে পুলিশের এক সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সহায়তা করেন।

পরে পুলিশ ওই নারীর সঙ্গে কথা বলে। তিনি আঘাত পাননি বলে জানান। পুলিশ তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে।

তবে এ ঘটনায় ওই মোটরসাইকেলচালকের পরিচয় কিংবা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস