চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লীগ শুরু
ছবি: সংগৃহীত
মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আমেজ ফিরিয়ে আনতে শুরু হয়েছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লীগ (সিএফএল)। স্পোর্টিফাই ইভেন্টস এর সার্বিক আয়োজনে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে লীগের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর,কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল হান্নান আকবর, সিকো এরিনা পরিচালক ইশমাম চৌধুরী, ব্রাদার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, এনএইচটি স্পোর্টস কর্মকর্তা সরওয়ারুল আলম চৌধুরী মনি, আম্বিয়া স্পোর্টস স্বত্বাধিকারী আবুল হাশেম রাজা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন চট্টগ্রামে স্থানীয় ক্রিকেট লীগ নিয়মিত না থাকায় উদীয়মান ও অভিজ্ঞ ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন। স্থানীয় খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্পোর্টিফাই ইভেন্টসের এই উদ্যোগ চট্টগ্রামের ক্রিকেট পাইপলাইনকে পুনরায় সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, পেশাদার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রতিযোগিতা ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস বৃদ্ধি এবং নতুন প্রতিভা অন্বেষণে অনন্য মঞ্চ হয়ে উঠবে।
দিনের দুটি ম্যাচের একটিতে বেঙ্গল স্টারস ক্রিকেট ক্লাব ৬৭ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অপর ম্যাচে এনএইচটি স্পোর্টসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে আম্বিয়া স্পোর্টস।