জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সচেতনতামূলক কার্যক্রম
ছবি: সংগৃহীত
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাস টার্মিনালে সাধারণ পথচারী, পরিবহন শ্রমিক এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন গণপরিবহন ও গাড়িতে ঘুরে ঘুরে চালক, সহকারী ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই সাথে সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের উপজেলা পর্যায়ে ও সচেতনতামূলক স্টিকার ও ব্যানার লাগানো হয়েছে।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ও পরিবহন মালিকদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিওতে সড়ক দুর্ঘটনারোধে চালকদের করণীয়, ট্রাফিক আইন মান্য করা এবং সচেতনতার গুরুত্ব ফুটিয়ে তোলাসহ সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারদের আর্থিক সহায়তার বিষয়টিও তুলে ধরা হয়।
সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান। সেই সাথে বিআরটি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পরিবহন মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে হলে চালক, শ্রমিক, মালিক ও যাত্রী সকলকে নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব