চন্দনাইশে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চন্দনাইশে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ফাইল ছবি

 

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন নগরীর আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), আনিস খাতিজা (৩৫) ও প্রাইভেট কার চালক মো. আনোয়ার (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা বাস ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালকসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সৈয়দ মো. রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।