খুলনায় সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী

খুলনায় সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী

সংগৃহীত

‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন -যদি করি বৃক্ষরোপণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী- ২০২৬ শুরু হয়েছে। 

পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ আয়োজিত বৃক্ষমেলা ও প্রদর্শনী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

শুক্রবার নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরু'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও ছাদ বাগানীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ছাদ বাগানীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কারণেই প্রধানমন্ত্রী পাঁচবছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনও নগরীতে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করেছে। পাশাপাশি একলাখ বৃক্ষের বন তৈরীর জন্য বিকাশের সাথে চুক্তি করা হয়েছে। 

বাড়ি নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের উদ্দেশ্যে জায়গা রাখা এবং ফ্যাট বাড়ির ছাদে বৃক্ষরোপণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।