গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাত থেকে এক  অজ্ঞাতনামা ব্যক্তির (আনুমানিক বয়স ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ময়লাযুক্ত লুঙ্গি ও কালো গেঞ্জি।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।

পল্টন থানার এসআই কামরুজ্জামান অভি বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সংবাদ পেয়ে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এসআই আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।