মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞায় মেয়ের বটির কোপে সেতারা বেগম (৮০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রিনা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রিনা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতে ঘরের ভেতর হঠাৎ বটি দিয়ে মাকে কোপান রিনা। পরে ঘরের দরজায় হুক লাগিয়ে দেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিসহ রিনা আক্তারকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।