নাটকে রেকর্ড, দুই দিনেই কোটি ভিউ

নাটকে রেকর্ড, দুই দিনেই কোটি ভিউ

ফাইল ছবি

এক জুটি, এক নির্মাতা, এক ইউটিউব চ্যানেল—আর সাফল্যের নতুন রেকর্ড। ‘মন দুয়ারি’, ‘মায়াপাখি’র পর জিয়াউল ফারুক অপূর্ব-নাজনীন নীহা জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের নির্মিত নতুন নাটক ‘ভালো আছো তো?’ দর্শকপ্রিয়তায় গড়েছে অনন্য নজির।

সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র দুই দিনেই নাটকটি এক কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশি একক নাটকের ক্ষেত্রে এমন রেকর্ড এটিই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কিন্তু কী আছে ‘ভালো আছো তো?’ নাটকে, যা এত অল্প সময়ে দর্শকের বিপুল সাড়া পেয়েছে? ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অধিকাংশের মন্তব্যই ইতিবাচক।

শুধু ইউটিউব নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পাতা এবং গোষ্ঠীতেও নাটকটি নিয়ে চলছে আলোচনা।

নাটকটির সাফল্যের পেছনে বেশ কিছু বিষয় কাজ করেছে বলে মনে করছেন নির্মাণসংশ্লিষ্টরা। শুরুর দৃশ্যেই চমক, এরপর ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগের মুনশিয়ানা দিয়ে উপস্থাপন এবং ব্যতিক্রমী সমাপ্তি—সব মিলিয়ে দর্শকের সামনে ভিন্ন এক অভিজ্ঞতা তুলে ধরেছে ‘ভালো আছো তো?’।

নির্মাতা বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি।

কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।

অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।’

‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্তসহ আরো অনেকে। নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।