ক্লাসে ফেরার ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাবেন চুয়েট শিক্ষার্থীরা

ক্লাসে ফেরার ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাবেন চুয়েট শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামী ২৮ অক্টোবর থেকে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ক্লাসে ফেরার এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা। 

এর আগে, রবিবার খোলা চিঠিতে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতির সাধারণ সভা থেকেও শিক্ষার্থীদের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতির কথা জানানো হয়। রবিবার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ বিবৃতিতেও অ্যাকাডেমিক কার্যক্রম চালু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন এবং নতুন উপাচার্যের প্রতি অসহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানান তারা।

এদিকে, আগামী ২৮ অক্টোবর ক্যাম্পাস খোলার দিন বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করতে চুয়েটে যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত পরামর্শক দল।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যুক্ত হন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।