হঠাৎ জুহি চাওলার ঘরে বড় দুঃসংবাদ

হঠাৎ জুহি চাওলার ঘরে বড় দুঃসংবাদ

ছবি সংগৃহীত।

বলিউডে একসময় নিয়মিত আলোচনায় থাকলেও এখন অনেকটাই আড়ালে থাকেন অভিনেত্রী জুহি চাওলা। পর্দায় উপস্থিতি কমেছে, ব্যক্তিজীবন নিয়েও খুব একটা কথা বলেন না তিনি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার পরিবার। হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীর শাশুড়িকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুহির স্বামী শিল্পপতি জয় মেহতার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা কিংবা অসুস্থতার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে জুহি চাওলার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি। খবরটি ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর অনুরাগীরা তার শাশুড়ির দ্রুত সুস্থতা কামনা করছেন।

জুহির সঙ্গে শাশুড়ির সম্পর্কের গল্প অবশ্য বেশ আবেগঘন। অভিনেত্রীর জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় জুহি ছিলেন ক্যারিয়ারের শীর্ষে। কিন্তু ব্যক্তিজীবনে তখন গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। বিয়ের এক বছর আগে মাকে হারিয়েছিলেন তিনি।

মাকে হারানোর কষ্টের পাশাপাশি বিয়ের পর ক্যারিয়ারে প্রভাব পড়ার আশঙ্কাও তাড়া করছিল তাকে।

নিজের সেই মানসিক অবস্থার কথা হবু শাশুড়িকে জানিয়েছিলেন জুহি। কান্নাজড়িত কণ্ঠে নিজের উদ্বেগের কথা খুলে বলেছিলেন তিনি। বিষয়টি বুঝতে পেরে জুহির পাশে দাঁড়ান জয় মেহতার মা। অভিনেত্রীর মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিয়ের আয়োজন ছোট পরিসরে করার সিদ্ধান্ত নেন তিনি।

এমনকি বিয়েতে প্রায় দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও বাতিল করা হয়। পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় জুহি ও জয় মেহতার বিয়ের আনুষ্ঠানিকতা।

শাশুড়ির সেই সহমর্মিতার ঘটনা জুহির জীবনের বিশেষ স্মৃতি হয়ে রয়েছে। এবার সেই মানুষটির হাসপাতালে ভর্তির খবর সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে।