যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ছিলেন ফুটপাতের জুতা ব্যবসায়ী।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

 গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ ভোরের দিকে তার ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর জনপদ মোড় মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে আরিয়ান গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েন, পরে স্থানীয় পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন দিয়ে তাকে ফোন দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।‌ সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

 তিনি আরো জানান, আরিয়ান ১ বছর আগে মিম নামের এক মেয়েকে বিয়ে করে।

মিম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই ও এইভাবে চলে গেল এই বিষয় নিতে খুব কষ্ট হচ্ছে।

আরিয়ানের গ্রামে বাড়ি,পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামে। তার বাবার নাম কাদের ভূঁইয়া। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।