ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড
ছবি সংগৃহীত।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। দুইশো ছুঁইছুঁই ও দুইশো পেরোনো স্কোর করেও সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেছে কিউইরা। এবার গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে আড়াইশো ছাড়ানো ২৫৯ রানের দলীয় সংগ্রহ দাঁড় করিয়ে ভারতকে হারাতে সক্ষম হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) অকল্যান্ডের ইডেন পার্কে আগে ব্যাটিং করে গ্লেন ফিলিপসের ঝোড়ো ১০৭ রানের ইনিংসে ভর করে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৭২ রান করতে সমর্থ হয় ভারত। ফলে ৮৭ রানে জিতে সিরিজে প্রথম কোনো ম্যাচ জয়ের দেখা পেলো স্বাগতিকরা।
প্রথম তিন ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা কেউই এদিন দলের হাল ধরতে পারেননি। ত্রিশের বেশি রান করতে পেরেছেন মাত্র তিলক ভার্মা। তার ব্যাটে আসা ৩৫ রান ভারতের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ইনিংসের ৪ রানেই সঞ্জু স্যামসন ৪ ও ডাক মেরে আউট হন ইশান কিষান। দুজনই আউট হন জ্যাকব ডাফির বলে। ১৫ বলে ২৭ করে ম্যাথু ফিশারের বলে অভিষেক শর্মা আউট হলে ৫০ রানে ৩ উইকেট হারায় ভারত।
অ্যাডাম মিলনের বলে ২২ রান করে সফরকারীদের অধিনায়ক শ্রেয়াস আইয়ার সাজঘরে ফিরলে ৫৬ রানে পতন হয় ৪ উইকেটের। ২১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। আউট হন স্যান্টনারের বলে দলীয় ৮৬ রানে। অক্ষর প্যাটেলকেও স্যান্টনারই ফেরান দলীয় ৮৯ রানে। ৭ রানে তিনি ফিরলে একশো রানের আগেই ৬ উইকেট হারায় ভারত।
এরপর আবারও আঘাত হানেন ডাফি। পরপর দুই বলে ফেরান নামান ধির (২৮) ও আর্শদিপ সিংকে (০)। ১২১ রানে ৮ উইকেট হারানো ভারত ১৫৮ রানে নবম উইকেট হারায় দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করা তিলক ভার্মার বিদায়ে। ম্যাথু ফিশার তাকে বিদায় করেন।
শেষ পর্যন্ত ভারত অলআউট হয়নি। প্রিন্স যাদব ১৮ ও মায়াঙ্ক যাদব ৩ রান করে অপরাজিত ছিলেন। ভারত করতে সক্ষম হয় ১৭২ রান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি। দুটি করে মিচেল স্যান্টনার ও মাথু ফিশার। একটি উইকেট পেয়েছেন অ্যাডাম মিলনে।
এর আগে, ভারতের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি কিউইদের। দলীয় ৫ রানেই টিম সেইফার্ট আউট হন ৩ রান করে। এরপর দারুণ শুরুর পরও ৯ বলে ২৪ রান করে ড্যারিল মিচেল ফিরলে ৩৪ রানে হারায় তারা দ্বিতীয় উইকেট। দুজনকেই ফেরান মায়াঙ্ক যাদব।
তবে সেই চাপ সামাল দেন ৫৯ রানের জুটিতে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস। ৩১ রান করে ফিন আউট হলে ভাঙে জুটি। আউট হন অক্ষর প্যাটেলের বলে দলীয় ৯৩ রানে। বেভন জ্যাকব উইকেটে এসে থিতু হতে পারেননি। মায়াঙ্কের তৃতীয় শিকারে ৭ রানে আউট হয়ে বিদায় নেন তিনি ১১২ রানে। পতন হয় চতুর্থ উইকেটের।
এরপর শুরু হয় ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের তাণ্ডব। দুজনে এই জুটিতে যোগ করেন ১১৫ রান। ২৫ বলে ৬৫ রান করে ব্রেসওয়েল ফিরে গেলেও সেঞ্চুরি আদায় করে নেন ফিলিপস। ৪৯ বলে ১০৭ রান করেন ৬টি চার ও ১০ ছক্কায়। তিনি আউট হন দলীয় ২৫২ রানে নিতিশ কুমার রেড্ডির বলে ইনিংসের তখন আর মাত্র ৪ বল বাকি।
তার আগে ৫ রান করে আউট হন মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩টি উইকেট পায়ান মায়াঙ্ক যাদব। সমান একটি করে আর্শদিপ সিং, প্রিন্স যাদব, নিতিশ কুমার ও অক্ষর।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আগামী ১ নভেম্বর হ্যামিল্টনে।