পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের বীজ বপন
সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ২ হাজার তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি’ (দেশ)।
শুক্রবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সংগঠনটির উদ্যোগে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দেশীয় প্রজাতির খেজুর ও পেয়ারা গাছের চারা এবং ১ হাজার তালের বীজ রোপণ করা হয়।
এরআগে গত ১৭ অক্টোবর উপজেলার ভান্ডারীকান্দি এলাকায় দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা এবং ১ হাজার তালের বীজ রোপণ করে সংগঠনটি। দুই দফায় সব মিলিয়ে ২ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘দেশ’ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মো. মাসুম মোল্লা, মো. সজিব, সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
‘দেশ’ সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বাসস’কে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, মানবিক, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দেশ। পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে সংগঠনটির এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনটির সভাপতি ওয়াহীদুজ্জামান বাসস’কে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। বৃক্ষরোপণ যেন শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক আন্দোলনে পরিণত হয়। সে লক্ষ্যেই নিয়মিত সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছে দেশ।
স্থানীয় বাসিন্দা ও আইনজীবী মো. মহিউদ্দিন বাসস’কে বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। তিনি সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।