কলমাকান্দায় বসতঘর থেকে ৪ লাখ রুপি উদ্ধার, আটক ১
ছবি সংগৃহীত।
নেত্রকোনার কলমাকান্দায় বসতঘরে অভিযান চালিয়ে ভারতীয় ৪ লাখ ৩ হাজার রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া (বেনকোণা) এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ঘরে তল্লাশি করে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক দুলাল মিয়া ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, উদ্ধার করা ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।