সাজেকে গোলাগুলি চলছে

সাজেকে গোলাগুলি চলছে

ছবিঃ সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির সাজেকে কলাবুনিয়া সশস্ত্র গোষ্ঠী জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, শনিবার দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

এ দিকে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গোলাগুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।