অবুঝ ছেলেকে ১৮ তলায় নিয়ে গিয়ে হাত ধরে লাফ দিলেন মা

অবুঝ ছেলেকে ১৮ তলায় নিয়ে গিয়ে হাত ধরে লাফ দিলেন মা

ফাইল ছবি

ভারতের পুনেতে ১৮ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। এ সময় নিজের ছয় বছর বয়সী অবুঝ ছেলেকেও সঙ্গে নিয়ে যান তিনি। এরপর তার হাত ধরে লাফ দেন তিনি। এতে দুজনেরই মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার পুনের পিম্পরি-চিনচদ কমপ্লেক্সে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে এই মায়ের নাম একতা ভাঙ্গে। ৩৩ বছর বয়সী এ নারী তার স্বামীর সঙ্গে ওই কমপ্লেক্সটিতে থাকতেন। তাদের ছেলের নাম মাধব ভাঙ্গে।

তারা রাজস্থানের বাসিন্দা ছিলেন। তবে স্বামী পুনেতে একটি আইটি কোম্পানিতে কাজ করেন। সেই সুবাদে পুনের ওই কমপ্লেক্সটির সপ্তম তলায় থাকতেন তিনি।

গতকাল শুক্রবার সকাল ১০টায় তার স্বামী মনোজ প্রতিদিনকার মতো কাজে চলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমপ্লেক্সটির বাসিন্দারা কিছু একটা পড়ার বিকট শব্দ শুনতে পান। সেখানে গিয়ে দেখেন একতা ও তার ছেলে পড়ে আছে। আর তাদের পুরো শরীর রক্তে ভিজে গেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি পরীক্ষা করে দেখতে পায় একতা তার ছেলেকে সপ্তম তলা থেকে লিফটে করে ১৮ তলায় নিয়ে গেছেন। এরপর সেখান থেকে ছেলেসহ নিচে লাফ দেন তিনি। এর আগে নিজেদের জুতাগুলো খুলে ফেলেন তারা। যা সেখানেই পড়ে ছিল।

এদিকে এ ঘটনার প্রায় একদিন পর পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। সেখানে একতা উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। কিন্তু কোনো সুচিকিৎসা পাননি। এজন্য আত্মহননের পথ বেঁছে নিয়েছেন। আর সঙ্গে ছেলেকে নিয়ে লাফ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, তার ছেলেকে তার বাবা বোঝাতে পারবে না কেন তার মা মারা গেছে। এছাড়া তিনি স্বামীকে পুনরায় বিয়ে করে নতুন জীবন শুরু করতেও বলেছেন। একতা বলেছেন, স্বামী আবার নতুন করে বিয়ে করার পর হয়ত তার ছেলে কষ্ট পাবে। তাই সঙ্গে ছেলেকেও নিয়ে গেছেন তিনি।