গাইবান্ধায় কুকুরের আক্রমণে আহত ৩১
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের আক্রমণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। উপজেলার বেলকা, শান্তিরাম ও হরিপুর ইউনিয়নে একের পর এক পথচারীকে কামড়ে আহত করছে কুকুরটি। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। এ ঘটনায় তিন ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। এদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হঠাৎ করেই কুকুরটি মানুষের ওপর আক্রমণ শুরু করে। বিশেষ করে বেলকা বাজার ও আশপাশের এলাকায় কুকুরটির হামলায় ১৯ জন আহত হন। পরে কুকুরটি পাশ^বর্তী শান্তিরাম ও হরিপুর ইউনিয়নের কয়েক জনকে আক্রমন করে। চলাচলের পথে আচমকা কুকুরের আক্রমণের শিকার হন আহতরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত ৩১ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
আক্রান্তরা হলেন, বেলকা ইউনিয়নের রঞ্জু মিয়ার ছেলে রাব্বী মিয়া (১৫), সামিউল ইসলামের ছেলে মশিয়ার রহমান (২৮), ফয়জার রহমানের ছেলে আব্দুল জব্বার (৫০), নবাব উদ্দিনির ছেলে আতারুল ইসলাম (৪২), নুর ইসলামের ছেলে সুলতান মিয়া (৩৬), খাজের মুন্সির ছেলে আবু বক্কর ইসলাম (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে ইসমাইল হোসেন (১০), মানিক মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (১৯), বেলাল উদ্দিনের ছেলে নুর আলম (৪৯), ফুল মিয়ার ছেলে মাসুদ মিয়া (১২), মৃত বিশু শেখের স্ত্রী খমিরণ নেছা (৬৫), হযরত আলীর ছেলে আবু বক্কর মিয়া (৩৫), মহিরুদ্দিন এর ছেলে মারুফ মিয়া (৬০), সাধুরাম দাসের স্ত্রী পারুল রানী (৬০), চাঁদমিয়ের ছেলে শহিদুল ইসলাম (৩৫), মনির উদ্দিন এর ছেলে আমিনুল ইসলাম (৩৬), গোলাপ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫০), রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৭), ছাদেক আলীর ছেলে নুরুল হক (৮০), খয়বার হোসেনের ছেলে বিপ্লব মিয়া (২৮)। তাৎক্ষণিক বাকী ১১ জনের নাম পুরিচয় পাওয়া যায়নি।
কুকুরের আক্রমণের পর থেকে তিন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। কখন আবার কে আক্রান্ত হন, সেই আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত অভিভাবকরা। অনেকেই শিশুদের একা বাইরে যেতে দিচ্ছেন না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়াও কমিয়ে দিয়েছেন অনেকে।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এপর্যন্ত আমার ইউনিয়নে কুকুরের অক্রমনে ১৯ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি বলেন, কুকুরটি পাশ^বর্তী শান্তিরাম ও হরিপুরের ইউনিয়নের কিছু মানুষকে আক্রমন করেছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।