চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৩১ জন। শনিবার পৃথক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।

জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাট রেলবিট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এঘটনায় মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ ও মো. ইসরাফিলের মৃত্যু হয়। এঘটনায় আহত অবস্থায় বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬) জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক বলেন, সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বাস দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নাদিরা আফরোজ মেঘলা নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের আপেল আহমেদের টেক এলাকায় টেম্পোর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ ৬ যাত্রী। এসময় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্মরত ডা. উম্মে খাইর মারজান জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।