ময়মনসিংহে বিজিবির উদ্ধার ও ত্রাণ সরবরাহ অব্যাহত

ময়মনসিংহে বিজিবির উদ্ধার ও ত্রাণ সরবরাহ অব্যাহত

সংগৃহীত

বন্যাদুর্গত ময়মনসিংহে অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যা শুরু হওয়ার পর থেকে বিজিবি দুর্গত মানুষদের উদ্ধারে তৎপরতা এবং ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

শনিবার (৫ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এ বিষয়ে বিজিবি জানায়, গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মহারশি, ভোগাই ও নিতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণের ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে তারা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ৯টি বিওপির প্রায় ২৫০ জন বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সব ধরনের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। তারা এ পর্যন্ত ৮৫০ জন পানিবন্দী মানুষকে উদ্ধার করে বিওপির নিকটবর্তী উঁচু ও নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়াও স্থানীয় জনসাধারণের গবাদিপশু এবং অন্যান্য মালামাল নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি শুক্রবার পানিবন্দী ২৫০ জনকে শুকনা খাবার (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ১০০ জনকে রান্না করা খাবার সরবরাহ করেছে। এছাড়া আরও ২০০ জনকে শুকনা খাবার এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩০০ প্যাকেট শুকনা খাবার বিজিবির কাছে বিতরণ করার জন্য প্রদান করেন। এসব ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির উদ্যোগে আরও ৩৫০ জনকে রান্না করা খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সালাদ ও বিশুদ্ধ পানি) দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, আগামী দিনগুলোতেও বন্যার্তদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।