দেশব্যাপী নিষিদ্ধ ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র প্রতিবাদে ইবি ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

দেশব্যাপী নিষিদ্ধ ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র প্রতিবাদে ইবি ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ও শিবির। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৃথক এ কর্মসূচী পালন করে তারা। এসময় সন্ত্রাসীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান নেতা-কর্মীরা।

এদিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে শাখা ছাত্রদলের  বিক্ষোভ শেষ হয়। পরে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ শুরু করে শাখা ছাত্রশিবির। বিক্ষোভটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে উভয় দলের নেতা-কর্মীরা 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না', 'শেখ-শেখ করিস না, শেখের বেটি আইবো না', 'এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দঁড়ি আছে রেডি', 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে', ‘একটা-দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আবু সাইদ- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন ।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ-সহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে কর্মসূচিতে

শিবিরের শাখা সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান বিশ্বাস-সহ তিন শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, “শিক্ষার্থী বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গত ১৭ বছরের জুলুম, নির্যাতন ও নৈরাজ্যের দায়ে দলটিকে দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা মেরেছে। পুরো দেশে তারা যে বোমাবাজি ও গাড়িতে আগুন দিচ্ছে, তার প্রতিবাদে ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবেলা করবে। কোনো ছাত্রলীগ বা আওয়ামী ফ্যাসিস্টের ঠিকানা এই ক্যাম্পাসে এবং বাংলাদেশে হবে না। নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার।

প্রসঙ্গত, এর আগে রাত ১০টার দিকে ইবির একটি ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পকেট গেটে প্রাচীরের বাহির থেকে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।