হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
ছবিঃ সংগৃহিত।
হলিউডের জনপ্রিয় অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) পোল্যান্ডের মাগদালেনকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এপি নিউজ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের জটিলতা ও হার্ট ফেইলিউরে ভুগছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ত্রী মালগোসিয়া তোমাসি কিচ।
এক বিবৃতিতে তার স্ত্রী জানান, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর হৃদ্রোগের জটিলতায় মারা গেছেন কিচ। এর আগে ২০১৭ সালের জুনে শিকাগোতে মঞ্চে অভিনয়ের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
মঞ্চের অভিনয়ে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ছিলেন স্টেসি কিচ। শেক্সপিয়ারের নাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। কিংবদন্তি পরিচালক জন হুস্টনেরও পছন্দের অভিনেতা ছিলেন তিনি। তবে টেলিভিশনের গোয়েন্দা চরিত্র ‘মাইক হ্যামার’ তাকে দর্শকের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। অপরাধবিষয়ক লেখক মিকি স্পিলেনের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্রটি নিজের অভিনয়ে জীবন্ত করে তুলেছিলেন কিচ।
একই ধরনের চরিত্রে আটকে থাকতে চাননি এই অভিনেতা। তাই তার অভিনয়জীবনে ছিল নানা বৈচিত্র্য। কখনো সিনেমায় মাদকাসক্ত পুলিশ কর্মকর্তা, কখনো মঞ্চে কিং লিয়ার, আবার কখনো টেলিভিশনে ‘ওয়ার্ল্ডস মোস্ট অ্যামেজিং ভিডিওস’-এর ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে তাকে।
‘দ্য নাইনথ কনফিগারেশন’ সিনেমায় উন্মাদ এক কর্নেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া টেলিভিশন সিরিজ ‘টাইটাস’-এর প্রধান চরিত্রে ছিলেন। আলেকজান্ডার পেইনের অস্কার মনোনীত সিনেমা ‘নেব্রাস্কা’তেও অভিনয় করেছেন। ‘ব্লু ব্লাডস’ সিরিজে নিউইয়র্কের এক আর্চবিশপের চরিত্রে নিয়মিত দেখা গেছে তাকে। গত বছর ‘জে কেলি’ সিনেমায় জর্জ ক্লুনির তিক্ত স্বভাবের বাবার চরিত্রেও প্রশংসিত হন কিচ।