হঠাৎ কলকাতায় উড়োজাহাজ ছিনতাইয়ের আতঙ্ক
ছবিঃ সংগৃহিত।
কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি পাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা দেখতে পান কেবিন ক্রুরা। পরে ১০৫ জন যাত্রীসহ উড়োজাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে তল্লাশি চালানো হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের (এয়ারবাস এ৩২০) শৌচাগারে ওই বার্তা পাওয়া যায়।
বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, পাইলট উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় কেবিন ক্রুরা শৌচাগারের আয়নায় বার্তাটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে সেটি লেখা হয়েছিল।
এ ঘটনার পরপরই নিরাপত্তা প্রটোকল অনুযায়ী উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নেওয়া হয়। পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
তল্লাশির জন্য নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের মোতায়েন করা হয়। উড়োজাহাজের ভেতরে তল্লাশির পাশাপাশি যাত্রীদের লাগেজ ও মালামালও পরীক্ষা করা হয়।
কর্মকর্তারা জানান, বেলা দেড়টা পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় যাচাই ও তল্লাশি কার্যক্রম চালিয়েছে।