যে আমলের বদৌলতে চেহারার উজ্জ্বলতা বাড়ে

যে আমলের বদৌলতে চেহারার উজ্জ্বলতা বাড়ে

ছবিঃ সংগৃহীত

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আরও অনেক ইবাদতের জন্য ওজু করতে হয়। ওজু করলে যেমন চেহারার ময়লা দূর হয়, তেমনি অর্জিত হয় পুণ্য। ওজু ছাড়া নামাজ পড়া যায় না। পবিত্র হাদিসে ওজুকে নামাজের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওজু’ (তিরমিজি : ৪)।

ওজুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, ওজু মানুষকে আলোকিত করে। কেয়ামতের দিন এই উম্মতের ওজুর অঙ্গগুলো উজ্জ্বল থাকবে, ফলে তাদের অন্য উম্মতদের থেকে আলাদা করা সহজ হবে। তাই সাহাবায়ে কেরাম ওজুর প্রতি বিশেষ গুরুত্ব দিতেন।

 

নুআইম মুজমির (রহ.) বলেন, আমি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি ওজু করে বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, কেয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে ওজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’ (বুখারি : ১৩৬)