রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
ফাইল ছবি
রহস্য, সন্দেহ আর বিশ্বাসঘাতকতায় মোড়া এক মনস্তাত্ত্বিক খুনের গল্প। পাহাড়ের মনোরম পরিবেশে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা গোপন সত্য নিয়ে বড় পর্দায় আসছে ‘আরএসভিপি মার্ডার’। নির্মাতা অর্জুন দত্তের এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
ছবিতে নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে জয়া বলেন,‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। তার পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আরএসভিপি মার্ডার-এ একঝাঁক গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। সেটা আমার কাছে ভীষণ উত্তেজনার বিষয়, সেই সঙ্গে বিরাট প্রাপ্তি।’
তার কথায়, ‘আমার চরিত্রটিও বেশ আকর্ষণীয় এবং চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। ব্যক্তিগতভাবে চরিত্রটিকে আমার খুব ভালো লেগেছে। এবার অপেক্ষা, ছবিটি তৈরি হওয়ার পর দর্শকদের কতটা ভালো লাগে সেটা দেখার। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি। আর এই ছবির অংশ হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।’
পাশাপাশি তার কাছে ছবিতে নিজের চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। ছবির গল্প এগোবে পাহাড়ের কোলে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আনন্দঘন আয়োজনের মাঝেই আসে অস্বস্তিকর এক বার্তা। এরপর একে একে সামনে আসতে থাকে পরিচিত মানুষগুলোর সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা। বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণই গল্পটিকে এগিয়ে নেবে।
জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে। ছবিতে রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি গুরুত্ব পাবে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে জমে থাকা অপ্রকাশিত সত্য।