ইউরোভিশনে বাংলাদেশের হয়ে লড়বে বিটমোসফিয়ার
সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে আগামীকাল হতে যাচ্ছে প্রথম ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া। এর জমকালো গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড বিটমোসফিয়ার।
বিশ্বের বিভিন্ন দেশের গান, ভাষা ও সংস্কৃতির এই মিলনমেলায় নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ পরিবেশন করবে বিটমোসফিয়ার। এর কথা ও সুর সাইকোভার্স, বিটবাক্সো, ভাষা, জার্দো এবং শুভ্র রাহার।
ব্যাংককে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল এবং মালয়েশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে গ্র্যান্ড ফাইনাল। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বঙ্গ এবং এনটিভি।
ইউরোভিশন ফ্র্যাঞ্চাইজির ৭০তম বর্ষপূর্তিতে এবারই প্রথম এশিয়ান সংস্করণ শুরু হলো। নিয়মানুযায়ী, প্রতিযোগিতার চূড়ান্ত ফলের ৫০ শতাংশ আসবে অংশগ্রহণকারী ১১টি দেশের বিচারকদের মূল্যায়নে এবং বাকি ৫০ শতাংশ নির্ধারিত হবে দর্শক ভোটে।
এ ছাড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা দর্শক ভোট দিতে পারবেন, তবে নিয়মানুযায়ী নিজ দেশের দর্শকরা নিজেদের দেশের প্রতিনিধিকে ভোট দিতে পারবেন না।