বিনামূল্যে মাদক দিয়ে শিক্ষার্থীদের আসক্ত করে পরে বিক্রি করা হতো: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রথমে বিনামূল্যে মাদক দিয়ে আসক্ত করে পরে তাদের কাছে তা বিক্রি করা হতো বলে জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তার দাবি, এভাবেই বিগত সরকারের সময়ে সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে।
আজ দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিগত সরকার সংস্কৃতিকে ধ্বংস করে রেখে গেছে। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের কোনো উন্নয়ন করেনি। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার সরকার এই স্মৃতিকেন্দ্র নির্মাণ করে। স্মৃতিকেন্দ্রটির উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে।
নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। দ্রত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় যাত্রাপালা ও সার্কাস শিল্পের আয়োজন দেখতে পারবেন মানুষ। রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে সরকারের।
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
এর আগে সকালে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকীর আয়োজন।