দেবীগঞ্জে সেচ প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবে ৫০ হাজার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেচ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া হালকা সেচ পাম্পসংলগ্ন মাঠে সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, এই সেচ প্রকল্প বাস্তবায়ন হলে এখানকার প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধার মাধ্যমে তাদের জীবন-জীবিকার মান উন্নত করতে পারবেন। এই প্রকল্প শুধু বিদ্যুতের মাধ্যমে নয়, আগামীতে সৌরবিদ্যুতের মাধ্যমেও চালু রাখা হবে। বর্তমানে কৃষকদের এক বিঘা জমিতে সেচ দিতে যেখানে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ হয়, সেখানে বিদ্যুতের মাধ্যমে সেচ সুবিধা নিলে খরচ অর্ধেক হয়ে ১ হাজার ৫০০ টাকায় নেমে আসবে। আর সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ নিলে ১ হাজার টাকারও কম খরচ হবে। এতে কৃষকরা কম খরচে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবেন।’
‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ৮৪টি আউটলেট ও পাম্প হাউস পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে গত ৫ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্প হাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপন করা হবে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু রহমান, সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান, দণ্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম গোলাপ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ডব্লিউএমএ-ডব্লিউএমজি পানি ব্যবস্থাপনা দলের সদস্য, স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা।