ব্রাহ্মণবাড়িয়ায় ৮ টন ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ আটক দুই

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ টন ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ আটক দুই

ফাইল ছবি

 

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ৮ টন ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. সুরুজ মিয়া।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সদর উপজেলার গজারিয়া এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতর থেকে ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা জিরা শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তপথে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।