চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাছিরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শুক্রবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চোর সন্দেহে ধরে নিয়ে যায় কয়েকজন। তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে যান। এরপর স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়।
খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।