‘স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পে বিপ্লব ঘটাতে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি’

‘স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পে বিপ্লব ঘটাতে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি’

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিশেষ করে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ এবং জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সচিব বলেন, ‘দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। অদূর ভবিষ্যতে ডায়াগনোসিস ও কাস্টমাইজড চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।’

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘Training Course on PET-CT & Cyclotron’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, প্রিভেন্টিভ ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের যুবশক্তি ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন নতুন ড্রাগ ডিসকভারি এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের পরিধি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রোটোকল মেনে চললে নামমাত্র খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ প্রস্তুত করা সম্ভব। শুধু দেশেই নয়, বিদেশেও এসব ওষুধ রপ্তানি করা যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আনোয়ার হোসেন বলেন, এই প্রশিক্ষণ কোর্স তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) পরিচালক এ. এস.এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাসের পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।

উল্লেখ্য, ৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।