চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। অর্থাৎ ব্যবহারকারীর হয়ে পণ্য নির্বাচন থেকে শুরু করে মূল্য পরিশোধের ধাপ পর্যন্ত সামলাতে পারবে চ্যাটজিপিটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এ সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।
নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য কেনার পরামর্শ দিতে পারবে। ব্যবহারকারী পছন্দের পণ্য নির্বাচন করলে কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করবে এআই এজেন্ট।
তবে কেনাকাটার চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে টাকা কাটা হবে, তা পর্যালোচনার সুযোগ পাবেন ব্যবহারকারী। এরপর ফেস আইডি অথবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে কেনাকাটার অনুমোদন দিতে হবে। এতে প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।
যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট
নতুন সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার বিষয়ে নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে পেমেন্টের তথ্য দিতে হবে না।
লেনদেনের সময় চ্যাটজিপিটি ওয়ালেট একটি পেমেন্ট টোকেন ব্যবহার করে নির্ধারিত কার্ড থেকে অর্থ পরিশোধ করবে। এ টোকেন প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না।
অন্যদিকে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় তথ্য, যেমন ব্যবহারকারীর ঠিকানা ও যোগাযোগের তথ্য, এআই এজেন্টের মাধ্যমে বিক্রেতার কাছে পৌঁছে যাবে।
ওপেনএআই জানিয়েছে, এভাবে কেনাকাটা করলেও ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কার্ডের মাধ্যমে কেনাকাটায় পাওয়া পুরস্কার বা রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে।