সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা

ছবি: সংগৃহীত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রাটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ডা. শেখ আজিজুর রহমান এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পদযাত্রা শেষে হাসপাতালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ব্লাডসুগার মাপুন

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।