অক্টোবরে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
ফাইল ছবি
সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে স্বর্ণ, শাড়ি, প্রসাধনী, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য।
একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিকস সামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা ও ১ হাজার ৬৮৫ কেজি সুপারি।
তিনি আরও জানান, এ ছাড়া জব্দ করা হয়েছে ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮টি মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল।
এ ছাড়া ৪০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ, ১০টি কষ্টি/বেলে পাথর, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল/ভ্যান ও ৩৬টি নৌকা জব্দ করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এসএমজি, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল।
অন্যদিকে, গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৭ হাজার পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
বিজিবি জানায়, সীমান্তে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।