‘জলসা’ নিয়ে পারিবারিক বিরোধের মুখে অমিতাভ বচ্চন

‘জলসা’ নিয়ে পারিবারিক বিরোধের মুখে অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের বিখ্যাত মুম্বাইয়ের বাংলো ‘জলসা’ নিয়ে এবার শুরু হয়েছে পারিবারিক সম্পত্তির বিরোধ। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন এই বাংলোর মালিকানা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন। 

১৯৯৩ সালে সম্পন্ন হওয়া একটি উপহার দলিল বা ‘গিফট ডিড’-কে চ্যালেঞ্জ করে তিনি অভিযোগ করেছেন, তার অজান্তেই ও অনুমতি ছাড়াই এই সম্পত্তি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। গত সাত মাস ধরে রমলা বচ্চন এ বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করার পর বর্তমানে বিষয়টি আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের টেবিলে গড়িয়েছে এবং সেখানে ইতোমধ্যেই একটি আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে।

এই সম্পত্তি বিতর্কের মূলে রয়েছে সরকারি ও হাউজিং সোসাইটির নথির গরমিল।

কাপোল হাউজিং সোসাইটির নথিপত্র অনুযায়ী ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনও মালিক হিসেবে রমলা বচ্চনের নামই রয়ে গেছে। 

সরকারি নথিতে রমলার নাম পরিবর্তন করে জয়ার নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাতেই মূলত এই পুরোনো বিষয়টি প্রকাশ্যে আসে। রমলার দাবি, মূল সম্পত্তিটি তার নামেই নিবন্ধিত ছিল এবং ১৯৯৩ সালের একটি উপহার দলিলের মাধ্যমে তা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। 

তবে ওই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, দলিলটি নাকি সাধারণ সাদা কাগজে তৈরি হয়েছিল, তখন কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং সেখানে কোনো সাক্ষীর স্বাক্ষরও ছিল না। এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের অধীনে পরবর্তীকালে এই দলিলের নিয়মিতকরণ বা বৈধতা পাওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

উপ-নিবন্ধক ফৈয়াজ মুলানি এই অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ বিষয়ে শুনানি চলছে। সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী মালিকানাধীন দাবি এবং বিতর্কিত দলিলের বৈধতা নিয়ে কর্তৃপক্ষ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। 

এদিকে এই বিষয়ে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিষেক বচ্চনের একজন মুখপাত্র এই বিষয়টিকে সম্পূর্ণ পারিবারিক অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করতে অস্বীকার করেছেন। 

উল্লেখ্য, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ কেবল একটি খ্যাতনামা তারকার বাড়িই নয়, অমিতাভ বচ্চনের প্রতি রোববার বাড়ির বাইরে এসে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের ঐতিহ্যর সঙ্গেও এই বাংলোটি ওতপ্রোতভাবে জড়িত।