ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

যশোরের ঝিকরগাছায় ছেলে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছেন এক অভিভাবক। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিদ্যালয়ের ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে অভিযুক্ত অভিভাবককে আটক করে পুলিশ।

আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষকের গালে চড় মারেন। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে কক্ষে আসেন ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি। এ সময় তাদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। তবে প্রধান শিক্ষক মারধরের শিকার হলেও ভিডিওতে অন্য শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে তার বাবা ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন। কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে থাপ্পড় মারতে শুরু করেন।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ দেন। পরে বিকালে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।