পূর্ণিমা আর একটুখানি ‘মিষ্টতা’
ফাইল ছবি
অনেক বছর হলো, অভিনয় থেকে দূরেই আছেন দিলারা হানিফ পূর্ণিমা। মাঝে দুএকটি কাজ করলেও নিয়মিত আর হতে পারেননি। এখন নানা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই দেখা যায় অভিনেত্রীকে।
এর সুবাদে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নতুন নতুন সাজে হাজির হন পূর্ণিমা। বুধবার (১৮ নভেম্বর) ফেসবুক পেজে পূর্ণিমা দেখা দিলে গাঢ় গোলাপি রঙের পোশাকে। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা ও পুঁতির কাজ এনেছে আভিজাত্য।
খোলা ঢেউখেলানো বাদামি চুল, চোখে পরিপাটি মেকআপ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে সাজটি হয়েছে স্নিগ্ধ ও আকর্ষণীয়। সঙ্গে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি পরে সাজে পূর্ণতা দিয়েছেন অভিনেত্রী।
এক ডজন ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। সঙ্গে এক লাইনের ক্যাপশন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’
পূর্ণিমার ছবিগুলোতে মিষ্টতা যে রয়েছে, তা বলাই বাহুল্য। ভক্তরাও সেটা জানিয়েছেন প্রতিক্রিয়ায়, মন্তব্যে। ১৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে পোস্টে, মন্তব্য ছাড়িয়েছে ১১’শ। কেউ লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরো সুন্দর হচ্ছেন’; কারো মন্তব্য, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ’; কেউ আবার লিখেছেন, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’
প্রসঙ্গত, অভিনয়ে পূর্ণিমাকে সর্বশেষ দেখা গিয়েছিল বছর তিনেক আগে, কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এরপর আর সেভাবে পর্দার অভিনয়ে পাওয়া যায়নি অভিনেত্রীকে।