ক্ষুদ্র পশুপালনের উন্নয়নে থিম্পুতে সার্কের আঞ্চলিক কর্মশালা

ক্ষুদ্র পশুপালনের উন্নয়নে থিম্পুতে সার্কের আঞ্চলিক কর্মশালা

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের উৎপাদনশীলতা বাড়ানো, বাজারসংযোগ শক্তিশালী করা এবং অর্থায়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হয়েছে সার্কের দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা।

বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ কর্মশালায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের নীতিনির্ধারক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থা ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখার যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ‘২০২৫ সালের যৌথ ঘোষণার অগ্রাধিকার, ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল এবং ২০২৬ সালের আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষের মধ্যে সেতুবন্ধন’ প্রতিপাদ্যে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব। তিনি টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনূস আলী কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. এস. মালেকা পারভীন বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ুনতেন ফুন্টশো।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শচীন কুমার। তিনি দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খলের ভূমিকা তুলে ধরেন। এ ছাড়া উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এশীয় কৃষক সমিতির এস্টার পেনুনিয়া জাতিসংঘের পরিবারভিত্তিক কৃষি দশক থেকে আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ পর্যন্ত অগ্রযাত্রা তুলে ধরেন। টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।

কর্মশালায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিরা বক্তব্য দেন। এশীয় কৃষক সমিতির মহাসচিব মারিয়া এলেনা রেবাগে কৃষক সংগঠনগুলোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমেদ তরফদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভুটানের ভারপ্রাপ্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণা লুংগেলি।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা নিজ নিজ দেশের ক্ষুদ্র পশুপালন ব্যবস্থার অভিজ্ঞতা ও প্রবন্ধ উপস্থাপন করবেন। এসব আলোচনায় বিভিন্ন দেশের পশুপালন খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ তুলে ধরা হবে।

কর্মশালার কারিগরি অধিবেশনগুলোতে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত জাত উদ্ভাবন, পশুখাদ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, চারণভূমির টেকসই ব্যবস্থাপনা, বাজারসংযোগ এবং অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ খাতে নারী ও যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

আয়োজকদের লক্ষ্য, দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল শক্তিশালী করার পাশাপাশি এ খাতের উন্নয়নে আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণ করা। একই সঙ্গে কৃষক ও পশুপালক জনগোষ্ঠীর উৎপাদন সক্ষমতা বাড়ানো, বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কার্যকর কাঠামো তৈরি করা।