চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সংগৃহীত ছবি

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের  এই আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ডা. দীপু মনির বাসভবনের নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। তারা ফায়ার সার্ভিসে খবর দিলেও দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।

এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দীপু মনির বাসায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে, সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়ির আগুন নেভানো হয়েছে এবং তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যাবে। 

এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।