পঞ্চম উইকেট হাতছাড়া হলেও হতাশ নন হাসান মাহমুদ

পঞ্চম উইকেট হাতছাড়া হলেও হতাশ নন হাসান মাহমুদ

হাসান মাহমুদ

সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথারীতি জোহানেসবার্গেও তিনি বল হাতে নেতৃত্ব দিচ্ছেন। হাতে চোট নিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তবে নো-বলের কারণে হাতছাড়া হয়ে যায় তার পঞ্চম উইকেট। সেটি হলে বাংলাদেশি এই তারকা ইতিহাস গড়তেন। তবে আক্ষেপ নেই হাসানের।

সামনে আরও ভালো করার সুযোগ পাবেন বলে বিশ্বাস তার। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে হাসান বলেন, ‘সত্যি বলতে নো-বলটি সম্পর্কে আমি জানতাম না। এমনটা হতেই পারে। তবে যা ঘটে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমি যেভাবে এগোচ্ছি, সেভাবেই এগিয়ে যেতে চাই। চার উইকেট পেয়ে আমি খুব খুশি। সামনে আরও অনেক কিছু করার আছে।’

বাংলাদেশ এখনও ম্যাচ বাঁচাতে পারবে বলে আশাবাদী হাসান মাহমুদ। যদিও দ্বিতীয় ইনিংসে সফরকারীরা এখনও ৫৭ রানে পিছিয়ে, ইতোমধ্যেই হারিয়ে বসেছে ৫ উইকেট। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল, এরপর দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয়। সেই রান পেরোনোর আগেই ৫ ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গের উইকেট পেসবান্ধব হবে প্রত্যাশা থাকলেও সেটি ধীরে ধীরে বদলে যায়। ব্যাটাররাই মূলত পরবর্তীতে শাসন করেছেন। এমন অবস্থায় নিজেদের পরিকল্পনা নিয়ে বাংলাদেশি তারকা হাসান জানান, ‘উইকেট দেখে প্রথমে মনে হয়েছিল, ফাস্ট বোলাররা অনেক সাহায্য পাবে। কিন্তু প্রথম সেশনের পর উইকেট পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। তখন ব্যাটারদের জন্য সুবিধা ছিল।’

‘এরপর আমরা কীভাবে এই উইকেটে বোলিং করব, সেটি নিয়ে পরিকল্পনা করি। মুভমেন্ট না থাকলে নির্দিষ্ট জায়গায় বল করা, অফ স্টাম্পের ওপরের অংশে লক্ষ্য রাখা, লাইন-লেন্থ ঠিক রাখা এবং বোলিং পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি।’