ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

ছবিঃ সংগৃহীত।

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশ (ভিসা-ফ্রি এন্ট্রি) সুবিধা প্রত্যাহার করে নিতে যাচ্ছে মালয়েশিয়া।নতুন এই নিয়ম কার্যকর হওয়ার ফলে আগামী বছরের শুরু থেকে মালয়েশিয়া ভ্রমণে ইচ্ছুক সব ভারতীয় নাগরিককে দেশটিতে পৌঁছানোর আগেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, আগামী বছরের শুরু থেকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বিদ্যমান ভিসা অব্যাহতি সুবিধা আর বহাল থাকবে না।

ওই তারিখ থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ভারতীয় নাগরিকদের অবশ্যই আগমনের পূর্বে বৈধ ভিসা নিতে হবে। নতুন এই প্রবেশ নীতিমালা কার্যকর হওয়ার আগেই অর্থাৎ আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ভারতীয়রা মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল ‘মাইভিসা’-এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভিসা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও গতি আনতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ঝুলে থাকা ভিসা আবেদনগুলোর জন্যও একটি নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, কোনো ভিসা আবেদন যদি সাত কার্যদিবসের বেশি সময় ধরে ‘নিউ অ্যাপ্লিকেশন’ অথবা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় পড়ে থাকে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।

গত ২৮ সেপ্টেম্বর ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় জানানো হয়েছিল যে, এই নীতিমালাটি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগে জমা দেওয়া আবেদনসহ সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। যেসব আবেদনকারীর আবেদন মেয়াদোত্তীর্ণ হয়ে বাতিল হয়ে যাবে, তাদের হালনাগাদ করা ভিসা আবেদনপত্র ব্যবহার করে পুনরায় নতুন করে আবেদন জমা দিতে হবে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নতুন ভিসা আবেদন নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবেই এই পরিবর্তনগুলো আনা হয়েছে এবং আবেদনকারীদের সংশোধিত এই নিয়মাবলি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া ভিসা ফি সংক্রান্ত বিষয়েও আবেদনকারীদের সতর্ক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণ ফি সম্পূর্ণ অফেরতযোগ্য। আবেদন অনুমোদিত হোক বা প্রত্যাখ্যাত হোক, কোনো অবস্থাতেই এই ফি ফেরত দেওয়া হবে না। এমনকি ভিসা নীতিমালায় কোনো পরিবর্তন এলে কিংবা আবেদনকারীর ভ্রমণ পরিকল্পনায় কোনো রদবদল ঘটলেও জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না।