পর্দায় অপূর্ব-সাদিয়ার ‘হঠাৎ বিয়ে’র গল্প
ফাইল ছবি
রাহুল তার বাবা সালাম সাহেবকে খুব ভয় পায়। বেকার, অকর্মা বলে প্রতিদিন বাবার কাছে বকা খায় সে। এ অবস্থার মধ্যেই হঠাৎ একদিন প্রেমিকা নিতুকে বিয়ে করে নিয়ে আসে রাহুল। কিন্তু বাবার ভয়ে বাসায় না ঢুকে নিতুকে দরজার বাইরে রেখে পালিয়ে যায় সে!
এর মধ্যে রাত হয়ে যায় এবং শুরু হয় বৃষ্টি। সালাম সাহেব দেখে, বাসার সামনে বধূর সাজে একটা মেয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। পরিচয় জানতে চাইলে মেয়েটি বলে, সে রাহুলের বউ। সালাম সাহেব রেগে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
নিতুর মামাতো বোনকে প্রাইভেট পড়াতো রাহুল। সেখান থেকে রাহুলের সাথে পরিচয়। এরপর প্রেম। এক দুর্ঘটনায় নিতুর বাবা মা দু’জনই মারা যাওয়ার পর মামার কাছে বড় হয় নিতু। অনিচ্ছা সত্ত্বেও মামা তার এক বন্ধুর ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চাইলে নিতু বাসা থেকে পালিয়ে রাহুলের কাছে আসে। রাহুলকে নিয়ে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে।
দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। উপায় না দেখে রাহুলের বাবা তাকে বাসায় নিয়ে আসে, সেবা যত্ন করে। ছেলের বউ হিসেবে মেনেও নেয়। কিন্তু শর্ত দেয় রাহুলকে। যতদিন সে চাকরি পাবে না, ততদিন বাসায় ঢোকা বন্ধ।
রাহুল-নিতুর এই হঠাৎ বিয়ের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। এতে রাহুল ও নিতু চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। নিজের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নাটকে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সাবেরী আলম প্রমুখ। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে এটি।