শিশু কানে হাত দিচ্ছে, রাতে ঘুমাচ্ছে না? যেসব লক্ষণে বুঝবেন সংক্রমণ হয়েছে

শিশু কানে হাত দিচ্ছে, রাতে ঘুমাচ্ছে না? যেসব লক্ষণে বুঝবেন সংক্রমণ হয়েছে

ফাইল ছবি

শিশুদের মধ্যে কানের সংক্রমণ বেশ পরিচিত একটি সমস্যা। বিশেষ করে ছোট শিশুদের এ ধরনের সংক্রমণের ঝুঁকি বেশি। সময়মতো চিকিৎসা না হলে ব্যথা ও জ্বরের পাশাপাশি সাময়িকভাবে শ্রবণশক্তিও কমে যেতে পারে। কিছু গুরুতর ক্ষেত্রে স্থায়ী শ্রবণসমস্যার আশঙ্কাও থাকে। যুক্তরাষ্ট্রের শিশুস্বাস্থ্য প্রতিষ্ঠান সিএইচওসির নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কিউ ঝং শিশুদের কানের সংক্রমণের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। খবর রেডি চিলড্রেন হেলথ

শিশুর কানে সংক্রমণ হয় কেন

শিশুদের কানের সংক্রমণ বলতে সাধারণত মধ্যকর্ণের সংক্রমণকে বোঝানো হয়।

কানের পর্দার ঠিক পেছনের ফাঁকা জায়গাটিকে মধ্যকর্ণ বলা হয়। ভাইরাস বা ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করলে সংক্রমণ হতে পারে। এ সময় মধ্যকর্ণে সংক্রমিত তরল বা পুঁজ জমে। এতে কানের পর্দায় চাপ পড়ে এবং শিশুর তীব্র ব্যথা হতে পারে।

সাধারণত সর্দি-কাশি বা শ্বাসতন্ত্রের সংক্রমণের পর এ সমস্যা দেখা দেয়। প্রথমে নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা কিংবা কাশি শুরু হয়। এরপর কিছু শিশুর মধ্যকর্ণে তরল জমে সংক্রমণ তৈরি হতে পারে।

শিশুর কানে সংক্রমণ হয়েছে বুঝবেন যেসব লক্ষণে

শিশুর কানে সংক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো কানে ব্যথা। তবে বয়সভেদে লক্ষণ আলাদা হতে পারে।

যেসব লক্ষণ দেখা দিতে পারে—

  • বারবার কানে হাত দেয়া বা কান টানা।
  • কান ব্যথার কথা বলা বা কান ঘষতে থাকা।
  • জ্বর আসা।
  • খাবার খেতে বা পানি পান করতে অনীহা।
  • রাতে ঘুমাতে সমস্যা হওয়া।
  • অস্বাভাবিক কান্নাকাটি বা খিটখিটে মেজাজ।
  • আচরণে পরিবর্তন দেখা দেয়া।
  • গুরুতর সংক্রমণে কান দিয়ে তরল বা পুঁজ বের হওয়া।

বড় শিশুরা সাধারণত কানে ব্যথার কথা বলতে পারে। কিন্তু ছোট শিশু বা নবজাতক নিজের সমস্যার কথা বোঝাতে পারে না। তাদের ক্ষেত্রে অস্বাভাবিক কান্না, জ্বর, খাওয়ার সময় অস্বস্তি কিংবা ঘুমের পরিবর্তন দেখে অভিভাবকদের সতর্ক হতে হবে।

শিশুদের কানে সংক্রমণের ঝুঁকি বেশি হওয়ার পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে।

  • প্রথমত, শিশুদের ইউস্টেশিয়ান টিউব বা মধ্যকর্ণের সঙ্গে নাকের সংযোগকারী নালিটি বড়দের তুলনায় ছোট, সরু ও বেশি অনুভূমিক অবস্থানে থাকে। ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই মধ্যকর্ণে পৌঁছাতে পারে। আবার নালিটি সহজে বন্ধ হয়ে যাওয়ায় মধ্যকর্ণে জমে থাকা তরল বের হতেও সমস্যা হয়। সর্দি-কাশি, অ্যালার্জি কিংবা অ্যাসিড রিফ্লাক্সের কারণে এই নালিতে ফোলাভাব তৈরি হতে পারে। তখন শ্লেষ্মা বা মিউকাস ঠিকমতো বের হতে পারে না। জমে থাকা তরলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে সংক্রমণ তৈরি করতে পারে।
  • দ্বিতীয়ত, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা পুরোপুরি বিকশিত হয় না। ফলে যে ভাইরাসের সংক্রমণ একজন প্রাপ্তবয়স্ক সহজে মোকাবিলা করতে পারেন, সেটিই শিশুর ক্ষেত্রে বেশি জটিলতা তৈরি করতে পারে।

কানের সংক্রমণে চিকিৎসা 

সব কানের সংক্রমণেই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। সুস্থ শিশুদের ক্ষেত্রে কিছু মধ্যকর্ণের সংক্রমণ কোনো নির্দিষ্ট চিকিৎসা ছাড়াই দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হতে পারে। বিশেষ করে তুলনামূলক বড় শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই থেকে তিন দিন পর্যবেক্ষণে রাখা যেতে পারে। তবে শিশুর বয়স, ব্যথার তীব্রতা, জ্বর ও সংক্রমণের অবস্থা বিবেচনা করে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন।

ডা. ঝংয়ের পরামর্শ অনুযায়ী, ছয় মাসের কম বয়সী শিশুর তীব্র মধ্যকর্ণের সংক্রমণে অ্যান্টিবায়োটিক চিকিৎসা প্রয়োজন। আবার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি না হলেও অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে অ্যান্টিবায়োটিক দেয়া উচিত নয়।

যেসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

কানের সংক্রমণ হওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে শিশুর অবস্থার উন্নতি না হলে বিষয়টি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে জ্বর না কমা, অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া, স্বাভাবিক আচরণ বা মনোযোগে পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কিছু ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে কানের পেছনের হাড়ে পৌঁছাতে পারে। এই জটিলতাকে অ্যাকিউট মাস্টয়ডাইটিস বলা হয়।
এ সমস্যায় কানের পেছনে ফোলাভাব ও লালচে ভাব দেখা দিতে পারে। এমনকি কান কিছুটা বাইরের দিকে ঠেলে আসতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে শিশুকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে।

শিশুর কানে সংক্রমণ প্রতিরোধে : কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শিশুর কানে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—

ঘরের ভেতরে বা শিশুর আশপাশে ধূমপান করবেন না। পরোক্ষ ধূমপানও শিশুর কানের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণায় দেখা গেছে, বুকের দুধ পান করা শিশুদের কানের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। বোতলে দুধ শিশুর বয়স উপযোগী হলে চিকিৎসকের পরামর্শে কাপ ব্যবহারে অভ্যস্ত করুন।

নিয়মিত টিকাদান, বিশেষ করে প্রতিবছরের ইনফ্লুয়েঞ্জার টিকা শিশুকে কিছু সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। শিশুকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করান। বিশেষ করে নাক মোছার বা মুখে হাত দেওয়ার পর হাত পরিষ্কার করা জরুরি।

শিশুর কানে ব্যথা বা অস্বস্তি দেখা দিলে সেটিকে সাধারণ সর্দি-কাশির লক্ষণ ভেবে অবহেলা করবেন না। বিশেষ করে ছোট শিশু নিজের সমস্যার কথা স্পষ্ট করে বলতে পারে না। তাই তার কান্না, ঘুম, খাওয়াদাওয়া ও আচরণের পরিবর্তনের দিকে নজর রাখুন। প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।